ঢাকার আশুলিয়ায় পাঁচ শতাধিক এতিম শিশুর মাঝে ইফতার বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। একইসাথে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিও পালন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার নবীনগর জয় রেস্তোরায় নিসচা আশুলিয়ার থানা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এসময় নিসচা নবগঠিত আশুলিয়া থানা কমিটির পরিচিতি সভাও করা হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) আশুলিয়ার সভাপতি জি এম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে ঈদকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে এই লিফলেট বিতরণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। পাশাপাশি এতিম শিশুদের সাথে ইফতারের এই আয়োজন সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আব্দুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন নিসচা আশুলিয়া থানা কমিটির উপদেষ্টা মোহাম্মদ আলী এবং ধামরাই উপজেলা কমিটির সভাপতি নাহিদ ইসলাম।
নিসচা আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো: মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির সহ-সভাপতি শাহাদাত হোসেন সরকার, দফতর সম্পাদক হৃদয় আহমেদ রাব্বিসহ থানা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



