বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) পরীক্ষায় শৃঙ্খলাভঙ্গ ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪০ শিক্ষার্থীকে শাস্তি প্রদান করেছে প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে ভিসির কার্যালয়ের কনফারেন্স রুমে বাউবির শৃঙ্খলা কমিটির ৫৫তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
সভায় বাউবির শৃঙ্খলা কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গ ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪০ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ও নিয়ম অনুযায়ী বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়।
এছাড়াও সভায় শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে পরীক্ষার সার্বিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার গুণগত মান বজায় রাখা, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সকল প্রকার অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বাস করে, শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমেই মানসম্মত ও গ্রহণযোগ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠা করা সম্ভব।
সভায় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম ও সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব পরীক্ষা নিয়ন্ত্রক মো: হাবিবুল্যাহ মাহামুদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।



