কুমিল্লায় বাড়ির উঠোনে আঙুর চাষে চমক দেখালেন হনুফা আক্তার। প্রবাসী স্বামীর আয়ের পাশাপাশি নিজেকে গড়ে তুলতে চান একজন সফল উদ্যোক্তা হিসেবে। এমন আগ্রহ থেকে ভাগ্যের চাকা ঘুরাতে শুরু করলেন বাড়ির উঠোনে আঙুর চাষ। এর আগে স্ট্রবেরি চাষেও সফল হয়েছেন হনুফা।
বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ গ্রামের প্রবাসী আবদুর রউফের স্ত্রী হনুফা এবার আঙুর চাষে নিজের সাফল্য জানান দিতে চান। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে চার শতক জমিতে আঙুর চাষ করেছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, ‘বাড়ির উঠানে দুটি বাঁশের মাচা। সেখানে হালকা বাতাসে থোকায় থোকায় দুলছে আঙুর। হনুফা আঙুর কেটে পাত্রে রাখছেন। প্রতিবেশী শিশুরা তার পাশে ভিড় করলে তাদের হাতেও আঙুর তুলে দিচ্ছেন আনন্দে।
চাষি হনুফা আক্তার বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে আঙুর চাষের কথা শুনে আমারও আগ্রহ জাগে। আগ্রহের কথা উপসহকারী কৃষি কর্মকর্তা মনোয়ারা বেগমকে জানালে তিনি চাষ পদ্ধতি সম্পর্কে আমাকে পরামর্শ দেন। এর পর নীলফামারী থেকে চারা নিয়ে আসি। এ কাজে আমার প্রবাসী স্বামী ও শ্বশুর সহযোগিতা করছেন। প্রথমবার চার শতক জমিতে চাষ করেছি।’
হনুফা বলেন, ‘এখানে ফলন ভালো হবে না বলে অনেকে হাসাহাসি করলেও এখন প্রতিবেশীরা আঙুর বাগান দেখতে আসেন। অনেকে আবার চাষে আগ্রহও প্রকাশ করেন। আঙুরের স্বাদ বেশ ভালো। কয়েক কেজি স্বজনদের মাঝে বিতরণ করেছি।’
বাগান দেখতে আসা প্রতিবেশী রুমি আক্তার ও শিউলি আক্তার বলেন, ‘হনুফা বেশ পরিশ্রমী ও সাহসী মানুষ। তিনি আগে বাড়ির পাশে স্ট্রবেরি চাষ করেছিলেন। এবার উঠোনে আঙুর চাষ করলেন। আগে কখনো আঙুরের বাগান দেখিনি। এখন দেখে ভালো লাগছে। তার চাষ দেখে আমাদের স্বজনরাও আঙুরের বাগান করার আগ্রহ দেখিয়েছেন।’
বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার বলেন, ‘হনুফা আক্তার দারুণ উদ্যোমী। তিনি নতুন ফসল করতে সব সময় আগ্রহী। তার আঙুর চাষ দেখে অন্যরাও আগ্রহী হচ্ছেন। আশা করছি, এভাবে চাষ ও ফলনে চাষিরা লাভবান হলে পরিবারে সমৃদ্ধি আসবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, ‘দেশে দিন দিন আঙুর চাষ জনপ্রিয় হচ্ছে। হনুফা আক্তারের উদ্যোগকে স্বাগত জানাই। পর্যায়ক্রমে গবেষণার মাধ্যমে আঙুরের স্বাদ ও ফলন চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠবে।’



