ঢাকার ধামরাইয়ে অস্ত্রের মুখে নৈশপ্রহরীকে জিম্মি করে একটি অটো চার্জিং পয়েন্ট থেকে চারটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ছয়টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে একদল সশস্ত্র ডাকাত।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কের গোয়ালদি এলাকার বিল্লাল অটো চার্জিং পয়েন্টে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল চার্জিং পয়েন্টের তালা কেটে ভেতরে ঢুকেন। এ সময় সেখানে কর্তব্যরত নৈশপ্রহরী মজিবুর রহমানকে পিস্তল ও ছুরির মুখে জিম্মি করেন তারা। পরে চিৎকার করলে হত্যার হুমকি দিয়ে তার হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। এরপর চার্জিং পয়েন্টে রাখা চারটি ব্যাটারিচালিত অটোরিকশা ও ছয়টি অটোরিকশার ব্যাটারি লুট করে একটি পিকআপভ্যানে করে পালিয়ে যান তারা।
লুণ্ঠিত মালামালের বাজারমূল্য ১১ থেকে ১২ লাখ টাকা বলে জানা গেছে।
নৈশপ্রহরী মজিবুর বলেন, ‘হঠাৎ একদল সশস্ত্র লোক তালা কেটে ভেতরে ঢুকে আমার মাথায় পিস্তল ও গলায় ছুরি ঠেকায়। চিৎকার করলে মেরে ফেলার হুমকি দিয়ে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর আমার চোখের সামনে সব গাড়ি ও ব্যাটারি নিয়ে চলে যায়।’
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ‘সকালে গোয়ালদি এলাকার বিল্লাল অটো চার্জিং পয়েন্টে ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়া চলছে।’



