মুন্সীগঞ্জে বন্ধুকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় যুবক আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় মতবিরোধের জেরে সম্রাট (২৮) নামে এক বন্ধুকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত তুহিনকে (২৬) আটক করেছে পুলিশ।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
গজারিয়া থানা, মুন্সীগঞ্জ
গজারিয়া থানা, মুন্সীগঞ্জ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মতবিরোধের জেরে সম্রাট (২৮) নামে এক বন্ধুকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় অভিযুক্ত তুহিনকে (২৬) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত সম্রাট চরচাষী গ্রামের নুরু মিয়ার ছেলে এবং অভিযুক্ত তুহিন ওই গ্রামের মোবারক মিয়ার ছেলে। তারা দীর্ঘদিনের বন্ধু। তারা নিয়মিত একই মসজিদে নামাজ আদায় করতেন।

শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তুহিন অতর্কিতে সম্রাটের ওপর হামলা চালায়। এ সময় তার সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে সম্রাটকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এসময় সম্রাটের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তুহিনকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে গুরুতর আহত সম্রাটকে উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: তাহসির আহমেদ জানান, আহত সম্রাটের মাথা, গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মীয় আকিদা সংক্রান্ত বিষয় নিয়ে সম্রাট ও তুহিনের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

তবে সম্রাটের মা রাজিয়া খাতুন দাবি করেন, তার ছেলে শান্ত স্বভাবের এবং কারো সাথে তার কোনো বিরোধ ছিল না। হঠাৎ এ ধরনের হামলার কারণ তারা বুঝতে পারছেন না। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

আটক তুহিন নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি, আমার ওপর জিনের আছর হয়েছিল।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাসান আলী জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।