ফ্যাসিবাদের সাথে জড়িতদের মুখোশ উন্মোচন করতে হবে : রফিকুল ইসলাম খান

এ সময় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের আগামী সংসদ নির্বাচনের জন্য জামায়াত মনোনীত প্রার্থী ড: আব্দুস সামাদের নাম ঘোষণা করেন মাওলানা রফিকুল ইসলাম খান।

Location :

Sirajgonj
সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা
সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা |নয়া দিগন্ত

রায়গঞ্জ ও তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

ফ্যাসিবাদের সাথে জড়িতদের মুখোশ উন্মোচন করতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর থেকে দেশে একের পর এক ষড়যন্ত্র চলছে। আধিপত্যবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার অপচেষ্টা করছে। তাই দেশ ও জাতির প্রয়োজনে ড. ইউনূসকে প্রয়োজন।’

সোমবার (২৬ মে) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের আগামী সংসদ নির্বাচনের জন্য জামায়াত মনোনীত প্রার্থী ড: আব্দুস সামাদের নাম ঘোষণা করেন মাওলানা রফিকুল ইসলাম খান।

রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির মো: আলী মুর্তজার সভাপতিত্বে ও সেক্রেটারি ডা: এস এম মুনসুর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শায়েখ ড: আব্দুস সামাদ।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, সিরাজগঞ্জ শহর জামায়াতের আমির আব্দুল লতিফ, তাড়াশ উপজেলা জামায়াতের আমির খ ম সাকলাইন, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ জামায়াতের নায়েবে আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস।

আলোচনা সভায় রফিকুল ইসলাম খান বলেন, ‘শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীসহ সকল শহীদদের হত্যাকারীদের বিচার বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী সরকারের আমলে ২৬ হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করছেন সেই টাকা ফেরত দিতে হবে। জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগের কায়দায় নির্বাচন আর করতে দেয়া হবে না। আগামী নির্বাচন হবে ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন। নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী কায়েম হতে দেব না। সারাদেশে কথা হচ্ছে, সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ।’

আলোচনা সভা শেষে সিরাজগঞ্জ-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। তিনি দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ব্যাংক পিএলসির শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব।