মাদারগঞ্জে যমুনার চরে ভুট্টার বাম্পার ফলন, দামে খুশি কৃষক

নদীর এক তীর ভাঙলে অন্য তীর জেগে ওঠে। প্রকৃতির এই চিরচেনা খেলায় অনেক কৃষক নিঃস্ব হলেও যমুনার জেগে ওঠা চরে ভুট্টা চাষ এখন তাদের মুখে হাসি ফুটিয়েছে। ক্ষতি পুষিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে উচ্চফলনশীল ‘যুবরাজ’ জাতের ভুট্টা।

Location :

Madarganj
মাদারগঞ্জে যমুনার চরে ভুট্টার বাম্পার ফলন, দামে খুশি কৃষক
মাদারগঞ্জে যমুনার চরে ভুট্টার বাম্পার ফলন, দামে খুশি কৃষক |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

নদীর এক তীর ভাঙলে অন্য তীর জেগে ওঠে। প্রকৃতির এই চিরচেনা খেলায় অনেক কৃষক নিঃস্ব হলেও যমুনার জেগে ওঠা চরে ভুট্টা চাষ এখন তাদের মুখে হাসি ফুটিয়েছে। ক্ষতি পুষিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে উচ্চফলনশীল ‘যুবরাজ’ জাতের ভুট্টা।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পতিত বালুময় জমিতে আগাম জাতের ভুট্টা চাষে এবার বাম্পার ফলন হয়েছে। দুর্গম চরাঞ্চলে উৎপাদিত এই ভুট্টার ফলন অন্যান্য এলাকার তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাদারগঞ্জ উপজেলায় ৪০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২০ হেক্টর। পাশাপাশি ধান, মরিচ, কালোজিরা, গম, মটরশুঁটি, মিষ্টি আলু ও সূর্যমুখীসহ বিভিন্ন ফসলেরও আবাদ হয়েছে।

উপজেলার চরপাকেরদহ এলাকার তেঘরিয়া, হিদাগাড়ী ও পাকরুল এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা জমি থেকে ভুট্টা তুলতে ব্যস্ত সময় পার করছেন। নারীরাও ভুট্টা ছাড়ানোর কাজে অংশ নিয়ে সংসারে সহায়তা করছেন।

স্থানীয় কৃষক আরিফ জানান, তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করে তিনি ভালো ফলন পেয়েছেন। বাজারদর ভালো থাকলে ৯০ হাজার থেকে ১ লাখ টাকার ভুট্টা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

আরেক কৃষক আশিক বলেন, পাইকাররা সরাসরি জমি থেকেই ভুট্টা কিনে নিয়ে যান। এতে পরিবহন ও বাজারজাতকরণে অতিরিক্ত খরচ করতে হয় না।

সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, আগাম জাতের হওয়ায় বন্যার আগেই ফসল ঘরে তোলা যাচ্ছে। এতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমেছে এবং কৃষকেরা নিশ্চিত লাভের আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: হাবিবুর রহমান বলেন, ‘এ বছর বুরো ধানের তুলনায় ভুট্টার ফলন ভালো হয়েছে। ফলে অনেক কৃষক ভুট্টা চাষে ঝুঁকছেন। এটি এখন কৃষকদের জন্য সম্ভাবনাময় ফসলে পরিণত হয়েছে।’