খুবি প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে খুলনা সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মৌমিতা হালদার নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি পাটকেলঘাটা।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌমিতা হালদার তার পিতার সাথে রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পরপরই স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তার মৃত্য হয়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
খুবির ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো: নাজমুস সাদাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অধ্যাপক নাজমুস সাদাত বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। আমাদের দপ্তরের একজন সেখানে রয়েছে। তার লাশ খুলনার মুন্সিপাড়ার বাসায় নেয়া হয়েছে।



