মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেফতার

আইনি প্রক্রিয়া শেষে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। নদীপথে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Location :

Cumilla
গ্রেফতার ইমরান
গ্রেফতার ইমরান |নয়া দিগন্ত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচিত চাঁদাবাজ মামুন গ্রুপের সদস্য ইমরানকে (৩১ গ্রেফতার করেছে নৌ-পুলিশ।

সোমবার (২৩ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষণখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমরান উপজেলার রাধানগর ইউনিয়নের পাড়ারবন গ্রামের শহিদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি মেঘনা নদীর কাঠালিয়া শাখা নদীপথে তিতাস উপজেলার চাঁদাবাজ মামুনের নেতৃত্বে সিলেট থেকে দাউদকান্দিগামী একটি বাল্কহেড থেকে ইমরান মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। পরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এ সময় বাল্কহেডটির স্টাফদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় উপজেলার শিবনগর গ্রামের ওই বাল্কহেডের একজন ভুক্তভোগী স্টাফ মো: আল আমীন বাদি হয়ে ইমরানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে মেঘনা থানায় মামলা করেন। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ইমরানের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চালিভাংঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আজমগীর হোসাইন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। নদীপথে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’