পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার পাঁচ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ জুন) ভোরে উপজেলার বহেরাতলা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার গুলিসাখালী গ্রামের এস্কেন্দার হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭) এবং একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো: মঞ্জু মিয়া (৫০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-পাথরঘাটা মহাসড়কের বহেরাতলা এলাকায় জয়নাল আবেদিন রেস্ট হাউজের সামনে অবস্থান নেয় মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল। পরে ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ‘বি অনলাইন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীকে তল্লাশি করে একটি পোটলার ভেতর থেকে দুই হাজার পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক। তারা দীর্ঘদিন ধরে মাদককারবারির সাথে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



