নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) দিনব্যাপী সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া এলাকায় মেডিক্যাল ক্যাম্পের আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে ও ইউএস বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় এই আয়োজন করা হয়। এ সময় পৌরসভার ষোলপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের দুই শতাধিক বিভিন্ন বয়সের নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।
পৌরসভার গোবিন্দপুর গ্রামের আক্তার মিয়া (৮০) ও হনুফা বেগম (৭৫) জানান, এলাকার যুবকদের মহৎ উদ্যোগের কারণে আমরা এলাকায় থেকে ফ্রি চিকিৎসাসেবা ও চিকিৎসকের পরামর্শ নিতে পেরেছি। এটা খুবই আনন্দের।
ষোলপাড়া গ্রামের নুরুল ইসলাম (৬৫) জানান, যুবকরা এলাকার জন্য ভালো কাজ করছে দেখে খুবই ভালো লাগছে।
ডাক্তার রিমি জানান, সামাজিক সংগঠনের উদ্যোগে গ্রামের সহজ-সরল মানুষকে ফ্রি চিকিৎসাসেবা ও পরামর্শ দিতে পেরে অন্যরকম অনুভূতি অনুভব করছি। শুনেছি সংগঠনটি প্রথমে এলাকায় মাদক ও বিভিন্ন অপরাধ নির্মূলের জন্য কাজ করেছে। এটা খুবই ভালো যে, যুবসমাজ ভালো কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে।
সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার বাবুল মোল্লা জানান, মাদক ও বিভিন্ন অপরাধ নির্মূলে গত মে মাসে যুবসমাজের উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু করে। এরপর এলাকার সচেতন মহলের লোকজন বিভিন্ন জনহিতকর সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতার হাত বাড়ায়। এরই ধারাবাহিকতায় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাজু, রনি, শাকিল, শরীফ, শাহাদাত, রিয়াদ, সাকিব, মঈনুল, জনি, আমজাদ, আবির, নিঝুম প্রমুখ।



