কালবৈশাখীর তাণ্ডবে বন্ধ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক, দুর্ভোগে যাত্রীরা

শনিবার গভীর রাতে মৌলভীবাজার অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি শুরু হলে বনাঞ্চলের ভেতরে থাকা কয়েকটি পুরোনো ও বিশালাকৃতির গাছ সড়কের ওপর ভেঙে পড়ে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
ভেঙে পড়া গাছ
ভেঙে পড়া গাছ |নয়া দিগন্ত

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে কালবৈশাখী ঝড়ে একাধিক বড় গাছ উপড়ে পড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকা-সিলেট আঞ্চলিক এই গুরুত্বপূর্ণ সড়কে শতাধিক যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রোববার (৩ মে) সকাল থেকে লাউয়াছড়া বনের ‘গাড়িভাঙা’ এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মৌলভীবাজার অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি শুরু হলে বনাঞ্চলের ভেতরে থাকা কয়েকটি পুরোনো ও বিশালাকৃতির গাছ সড়কের ওপর ভেঙে পড়ে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সড়ক বন্ধ হয়ে পড়ায় দূরপাল্লার বাস, পর্যটকবাহী মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাক দীর্ঘ সময় আটকা পড়ে থাকে। গরম ও ভোগান্তিতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে বাধ্য হন।

খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন। গাছগুলো আকারে বড় হওয়ায় এবং বনাঞ্চলের ভেতরে অবস্থান করায় অপসারণ কার্যক্রমে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, ঝড়ের কারণে সড়কের বিভিন্ন স্থানে বড় গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বন বিভাগের কর্মীরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত গাছ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আসাদুজ্জামান বলেন, ‘জনদুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যাত্রী ও চালকদের বিকল্প সড়ক ব্যবহার কিংবা উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে।