পশ্চিমবঙ্গের বিভিন্ন হোম থেকে দেশে ফিরল বাংলাদেশী ২৮ শিশু

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে ৩ থেকে ৭ বছর আশ্রিত থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল বাংলাদেশী ২৮ শিশু।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
পশ্চিমবঙ্গের বিভিন্ন হোম থেকে দেশে ফিরল বাংলাদেশী ২৮ শিশু
পশ্চিমবঙ্গের বিভিন্ন হোম থেকে দেশে ফিরল বাংলাদেশী ২৮ শিশু |নয়া দিগন্ত

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে ৩ থেকে ৭ বছর আশ্রিত থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল বাংলাদেশী ২৮ শিশু। তবে এদের অধিকাংশেরই বাবা অথবা মা ভারতে জেলখানায় সাজাভোগ করছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া এসব শিশুদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করেন। এদের মধ্যে ৮ জন মেয়ে ও ২০ জন ছেলে রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাখাওয়াত হোসেন বলেন, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে তারা তাদের বাবার সাথে ভারতে যায়। পরে তারা সকলে পুলিশের হাতে আটক হয়ে জেল হাজতে যায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের মা-বাবাদের বিভিন্ন মেয়াদে সাজা হলে এসমস্ত শিশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হোমে আশ্রয় হয়। প্রায় তিন থেকে ৭ বছর পর তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফেরত আসে।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এ সমস্ত শিশুদের রাইটস যশোর ১০ জন, মহিলা আইনজীবি সমিতি ৮ জন ও জাস্টিস অ্যান্ড কেয়ার এই তিনটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছেন।

রাইটস যশোর এনজিও’ কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান জানান, ভাল কাজের প্রলোভনে সীমান্তের অবৈধ পথে এ সব শিশুরা তাদের বাবা-মার সাথে ভারতে গিয়েছিল। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেলে পাঠায়। আইনি প্রক্রিয়ায় তাদের পিতা-মাতাদের সাজা হলে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা এসমস্ত শিশুদের তাদের হেফাজতে নেয়। দীর্ঘ তিন থেকে ৭ বছর পর দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।

তারা পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চাইলে সংস্থার পক্ষ থেকে সেটা দেয়া হবে।

তিনি বলেন, ফেরত আসা ২৮ শিশুকে বেনাপোল থেকে যশোরে নিজেদের সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের হাতে হস্তান্তর করা হবে।