পাবনার ঈশ্বরদী উপজেলায় ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মা নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের মাত্র দুই দিন আগে সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের মৃত্যুতে আনন্দের আয়োজন পরিণত হয়েছে শোকে।
নিহতরা হলেন— ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মরহুম টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।
স্থানীয়রা জানান, আগামী শুক্রবার আনোয়ার মালিথার ছেলে সিয়ামের বিয়ে। এ উপলক্ষে বুধবার স্ত্রী স্বপ্না খাতুনকে সাথে নিয়ে ছেলের বিয়ের কেনাকাটা করতে ঈশ্বরদী পৌর শহরে আসেন আনোয়ার। কেনাকাটা শেষে সন্ধ্যায় তারা মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে শহরের আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে একটি দ্রুত গতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে স্বপ্না খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আনোয়ার মালিথাকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
মাত্র দুই দিন পর ছেলের বিয়ের আনন্দে যেখানে মুখরিত হওয়ার কথা ছিল পরিবারটি, সেখানে বাবা-মাকে হারিয়ে শোকের মাতম চলছে। বিয়ের আয়োজন থমকে গেছে, স্বজন ও প্রতিবেশীদের মধ্যেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


