কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে হামিম (১২) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন পুকুরের পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত শিশু হামিম পৌর এলাকার চড়িয়াকোনা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ুনের ছেলে। পরিবার নিয়ে তারা খাদ্য গুদামসংলগ্ন ভোগপাড়া মহল্লায় বসবাস করতেন। শিশু হামিম কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, দুপুরে এলাকার বন্ধুদের সাথে হামিম উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন পুকুরে আসে। এ সময় বেশ কয়েকজন শিশু পানিতে নামে। একপর্যায়ে সবাই উঠে গেলেও হামিমকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানালে তারা দ্রুত পানিতে নেমে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: মুখলেসুর রহমান সোহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৬ জুলাই একই স্থানে ইমন মিয়া (১০) নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়। এক দিন পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছিল পুলিশ।



