নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে দিলীপ বর্মন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় গুরতর আহত হয়েছেন অপর দু’জন কৃষক।
বুধবার (৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের আলিদেওনা কুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত কৃষক দিলীপ বর্মন কুড়াপাড়া গ্রামের পরলোকগত হরি চরণ বর্মণের ছেলে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন— কুড়াপাড়া গ্রামের মদনের ছেলে জীবন ও পরলোকগত লক্ষণের ছেলে নারায়ণ।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক দিলীপ বর্মণ, জীবন ও নারায়ণ কুড়াপাড়া দিঘীর পাড়ে জমিতে ধান কাটছিলেন। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দিলীপ বর্মণের মৃত্যু হয় এবং জীবন ও নারায়ণ গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে নিয়ে যায়। তবে, অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে এবং দু’জন আহত হয়েছে। গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি।



