নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক ফোরামের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের রূপগঞ্জ প্রতিনিধি নাজমুল হুদাকে (৪৬) সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় এ হুমকির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার বাসিন্দা সাংবাদিক নাজমুল হুদা দীর্ঘদিন ধরে জাগো নিউজে সংবাদ পরিবেশন করে আসছেন। মোটরসাইকেলে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে কর্ণগোপ রহিম মার্কেট এলাকায় পৌঁছালে মাস্ক ও হেলমেট পরিহিত অজ্ঞাত পরিচয় চারজন সন্ত্রাসী তাকে এ হুমকি দেয়। সন্ত্রাস, চাঁদাবাজিসহ অপরাধমূলক সংবাদ প্রচার করায় সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে সাংবাদিক নাজমুল হুদা অভিযোগ করেছেন।
সাংবাদিক নাজমুল হুদার এ হুমকির ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, পূর্বাচলের সাংবাদিক কার্যালয় ও পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন। তারা অবিলম্বে সাংবাদিককে হুমকি দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকির ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালী হোক ছাড় দেয়া হবে না।



