দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হওয়ায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব দিনাজপুর জেলা শাখা।
শুক্রবার (১৯ জুন) রাতে জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারাস্থ মন্ত্রীর নিজস্ব বাসভবনে জেলা ড্যাবের সদস্যসচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া ও দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ ডা. এজেডএম জাহিদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় জেলা ড্যাবের সদস্য ও দিনাজপুর মেডিক্যাল কলেজের নিউরোসার্জন অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম, দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. গোলাম মোস্তফা সরকার, ডা. আসাদ শেখ পারভেজ, ডা. গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।



