সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন কারো হাম নিশ্চিত না হলেও এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ জন শিশু। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ৩৩৬ জন শিশু।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাসপাতালে চিকিৎসাধীন হাম উপসর্গে ভর্তি শিশুরা, (ইনসেটে) চিকিৎসা প্রদান করছেন ডাক্তাররা
হাসপাতালে চিকিৎসাধীন হাম উপসর্গে ভর্তি শিশুরা, (ইনসেটে) চিকিৎসা প্রদান করছেন ডাক্তাররা |নয়া দিগন্ত

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪ জনে। এর মধ্যে চারজনের হাম নিশ্চিত হয়েছে এবং বাকি ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া পাঁচ বয়সী শিশু আবু সাইফ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা এবং একই হাসপাতালে মারা যাওয়া আট মাস বয়সী শিশু রাফা আক্তার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা।

শনিবার (১৬ মে) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডা: নুরে আলম শামীম।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন কারো হাম নিশ্চিত না হলেও এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ জন শিশু। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ৩৩৬ জন শিশু।

১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন (দু’জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭৫ জন ও সিলেটে ৪২ জন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৫৪ জনের মধ্যে ৩২ জন ভর্তি হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ২২ জন ভর্তি হয়েছে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

এদিকে বর্তমানে বিভাগে চিকিৎসাধীন ৩৩৬ জন সন্দেহজনক রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ১২৩ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৪ জন, উইমেন্স মেডিক্যাল হাসপাতাল দু’জন, আল হারামাইন হাসপাতালে একজন, লায়ন্স শিশু হাসপাতালে ১০ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, মাউন্ট এডোরা হাসপাতালে চারজন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৯ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৪ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন শিশু ভর্তি রয়েছে।