অর্থ আত্মসাৎ মামলায় খুলনা বিভাগীয় বিশেষ আদালত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গ্রামীণ বড়দল গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো: মকবুল হোসেনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ৪৮ হাজার ৭৪৯ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছন। একই মামলায় অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
শনিবার (২৩ মে) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মকবুল হোসেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
খালাসপ্রাপ্ত অপর দুই আসামি হলেন, বড়দল গ্রামের গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক বিশ্বজিৎ বিশ্বাস ও গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা পরমানন্দ মন্ডল।
মামলার এজাহার অনুযায়ী, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গ্রামীণ বড়দল গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো: মকবুল হোসেন দায়িরত্ব থাকাকালীন গত ২০০৫ সালের ১০ এপ্রিল থেকে ২০১০ সালের ২৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন গ্রাহকের ৪ লাখ ৫২ হাজার ৫২ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাত করেন।
এ ঘটনায় গত ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের পাইকগাছার এরিয়া ম্যানেজার মল্লিক বখতিয়ার হোসেন সাতক্ষীরার আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। গত ২০১৪ সালের ২৭ জুলাই দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক আবুল হোসেন গাজী এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে আদলতে অভিযোগপত্র দাখিল করেন।



