চুয়াডাঙ্গায় জামায়াতের বিশাল গণমিছিল ও নির্বাচনী সমাবেশ

নিজেদের সম্পদ সঠিকভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে হবে।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
গণমিছিল ও নির্বাচনী সমাবেশ
গণমিছিল ও নির্বাচনী সমাবেশ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা–১ আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে আলমডাঙ্গায় বিশাল গণমিছিল ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আলমডাঙ্গা শহরের এটিএম মাঠ থেকে মিছিলটি বের হয়ে বাবুপাড়া, স্টেশন রোড, স্বাধীনতা চত্বর ও হাইরোড প্রদক্ষিণ করে হাজী মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে বিকেল ৩টায় আলমডাঙ্গা এটিএম মাঠে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির সফিউল আলম বকুল এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা–১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, ‘আমরা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা গড়ে তুলতে চাই। দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার পাশাপাশি নারীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করতে চাই।’

তিনি আরও বলেন, "বাংলাদেশকে গরিব রাষ্ট্র হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে দেশটি গরিব নয়। যদি দেশ গরিব হতো, তাহলে অতীতে কোটি কোটি টাকা কীভাবে বিদেশে পাচার হয়েছে?"

নিজেদের সম্পদ সঠিকভাবে কাজে লাগিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আল্লাহ যদি আমাদের বিজয়ী করেন, তাহলে এই আসনে একটি মেডিক্যাল কলেজ ও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালটি ২৫০ শয্যার হলেও মাত্র ৫০ শয্যার জনবল দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রয়োজনীয় জনবল ও উপকরণ নিশ্চিত করা হবে।’

সমাবেশে আরো উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোল্লা মো: ফারুক এহসান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক, চুয়াডাঙ্গা–১ আসনের নির্বাচনী পরিচালক ও জেলা যুব বিভাগের পরিচালক নূর মোহাম্মদ হুসাইন টিপু, জামায়াতে ইসলামী সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কাইমুদ্দিন হিরোক, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, খেলাফত মজলিসের খুলনা বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম, জামায়াতের জেলা ইউনিট সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন, আলমডাঙ্গা পৌর শাখার আমীর মাহের আলী, সেক্রেটারি মসলেম উদ্দিন, গাংনী–আসমানখালী আমীর আব্বাস উদ্দিন ও শহীদ মোস্তাফিজুর রহমানের বড় ভাই হাফিজুর রহমানসহ স্থানীয় নেতারা।