বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক জাফর সাদেক বলেছেন, ‘আজ হোক বা কাল হোক, সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। সরকারকে বুঝতে হবে, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়েই ফ্যাসিবাদের বিদায় ঘটেছিল। সে কারণে আজকে সরকারকে উপলব্ধি করতে হবে— সেদিন জুলাই বিপ্লব বাস্তবায়িত হয়েছিল বলেই আজকে আপনারা ক্ষমতায় রয়েছেন। কাজেই সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে।’
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশাল গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুব উদ্দীন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজের সঞ্চালনায় গণমিছিল-উত্তর সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার সাবেক আমির মাওলানা আইয়ুব আলী, নায়েবে আমির অধ্যাপক জালাল উদ্দীন, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল খালেক নেজামী, সহকারী সেক্রেটারি মো: হারুনুর রশিদ, উপজেলা কর্মপরিষদ সদস্য কমরুদ্দীন সিকদার, জামায়াত নেতা কাজী আকবর, চন্দনাইশ পৌরসভা আমীর কাজী কুতুব উদ্দীন, দোহাজারী পৌরসভা আমীর মুহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ।



