গাজীপুরে হ্যান্ডকাফ খুলে পালানোর চেষ্টা, শেষরক্ষা হলো না ‘মামুন ডাকাত’র

‘পালানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর আসামিকে পুনরায় গ্রেফতার করে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুরে হ্যান্ডকাফ খুলে আসামির পালানোর চেষ্টা
গাজীপুরে হ্যান্ডকাফ খুলে আসামির পালানোর চেষ্টা |সংগৃহীত

গাজীপুরে হ্যান্ডকাফ খুলে জজ আদালতের প্রাঙ্গণ থেকে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় ধরা পড়েছেন ডাকাতি মামলার আসামি ‘মামুন ডাকাত’ ওরফে লাল চান ওরফে কালাচান (৩৫)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নির্ধারিত হাজিরা শেষে তাকে আদালতের গারদ খানায় নেয়ার পথে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানার একটি ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামি মামুনকে নির্ধারিত হাজিরা দেয়ার জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে গারদ খানায় নেয়ার পথে আসামি মামুন কৌশলে হাত থেকে হ্যান্ডকাফ খুলে ফেলেন। পরে তিনি পালিয়ে যাওয়ার জন্য আদালত প্রাঙ্গণ থেকে দৌড়ে মূল ফটকের সামনে সীমানা প্রাচীরের পাশে জঙ্গলে লুকানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ও উপস্থিত লোকজন চিৎকার করে তার পেছনে ধাওয়া করে। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় অল্প সময়ের মধ্যেই পুলিশ তাকে আটক করেন।

গাজীপুর জেলা আদালতের ইন্সপেক্টর মো: আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর আসামিকে পুনরায় গ্রেফতার করে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে। মামুন টাঙ্গাইল জেলার সখীপুর থানার বেরবাড়ি খন্দকারপাড়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে।