কালিয়াকৈরে র‌্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ২

‘শুক্রবার দুপুরে গ্রেফতারদের মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur

গাজীপুরের কালিয়াকৈরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৭ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনকারী একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) সকালে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন—ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারী গ্রামের লিটন মিয়ার ছেলে পিকআপ চালক আশরাফুল আলম (২২) ও একই উপজেলার পাইকুড়া (বড়হিত) গ্রামের আব্দুর রশিদের ছেলে শামীম মিয়া (২৪)।

ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নেত্রকোনা থেকে একটি পিকআপ বিদেশী মদের বড় চালান নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার দিকে আসছে। ওই তথ্যর ভিত্তিতে র‌্যাব সদস্যদের টিম দুপুর সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা-ডাইনকিনি সড়কের (নাগড়ারডাল) শাহা প্লাজার সামনে চেকপোস্ট বসায়। পরে সন্দেহজনক পিকআপে তল্লাশী চালিয়ে চালকসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।’

এ সময় তাদের কাছ থেকে চার লাখ টাকা মূল্যের ১০৭ বোতল বিদেশী মদ উদ্ধার এবং মাদক বহনে ব্যবহৃত পিকআপ ভ্যান আটক করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘শুক্রবার দুপুরে গ্রেফতারদের মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’