পাকুন্দিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা আহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বন্ধুকে থাপ্পড় মারার প্রতিবাদ করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পাপন (১৯) নামে এক জুলাইযোদ্ধা আহত হয়েছেন।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
ছুরিকাঘাতে আহত পাপন
ছুরিকাঘাতে আহত পাপন |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বন্ধুকে থাপ্পড় মারার প্রতিবাদ করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পাপন (১৯) নামে এক জুলাইযোদ্ধা আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা সদর বাজারের পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে এ ঘটনা ঘটে।

আহত পাপন পৌর সদরের লক্ষীয়া গ্রামের খোকন মিয়ার ছেলে এবং একজন জুলাই যোদ্ধা। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে পাপনের বন্ধু রাজনের সাথে মোবাইল কেনা-বেচা নিয়ে ঝগড়া হয় চর পাকুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে পারভেজ ও মাসুম মিয়ার ছেলে ইমরানের। একপর্যায়ে রাজনকে থাপ্পড় মারেন পারভেজ। পাপন এর প্রতিবাদ করায় তার সাথেও ঝগড়া হয় তাদের। এর জেরে রাত ৮টার দিকে পারভেজ ও ইমরানের নেতৃত্বে কয়েকজন যুবক পাপনের ওপর অতর্কিত হামলা চালান।

একপর্যায়ে পারভেজ তাকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ হাসপাতালে পাঠান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে পৌর বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক শাহান শাহ বলেন, ‘পারভেজ ও ইমরানসহ একটি দল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছেন। গতকাল একজন জুলাইযোদ্ধা পাপনকে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে আহত করেছে তারা। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পারভেজ ও ইমরান নামে দুই যুবক এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’