সিলেটে যৌথবাহিনীর অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৪২টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগজিন, ২৬ হাজার ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১৩৬টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১২৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
উদ্ধারকৃত অস্ত্র
উদ্ধারকৃত অস্ত্র |নয়া দিগন্ত

র‌্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ ও পৃথক অভিযানে হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচটি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে র‌্যাব-৯ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন পিনাউরা কমিউনিটি ক্লিনিকের পেছনের ঝোপ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় পরিত্যক্ত তিনটি এয়ারগান উদ্ধার করা হয়।

একইদিন দুপুর ১২টার দিকে পৃথক আরেকটি অভিযানে র‌্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চিকনাছড়া চা-বাগানের পাহাড়ের গুহার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় আরো দু’টি এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এ বিষয়ে র‌্যাব-৯-এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগানগুলো হবিগঞ্জ ও সিলেট জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-৯ সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৪২টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগজিন, ২৬ হাজার ৫৭০ গ্রাম বিস্ফোরক, ১৩৬টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১২৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।