বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমেরিকা তার সাম্রাজ্যবাদী মনোভাব ও বৈশ্বিক আধিপত্য ধরে রাখতে গিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে বহু দেশ ধ্বংস করেছে। তিনি বলেন, আফগানিস্তান ও ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে হস্তক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র অস্থিতিশীলতা তৈরি করেছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ‘আল-আন্দালুস থেকে গ্রানাডা : ইতিহাসের শিক্ষা ও বর্তমান ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে এবং আধিপত্য ধরে রাখতে তারা বড় ধরনের সংঘাতের দিকে এগোতে পারে। তিনি দাবি করেন, একটি সাম্রাজ্য দীর্ঘদিন ধরে রাখতে গেলে সংঘাত তৈরি করা হয় এবং যুক্তরাষ্ট্রও সেই পথ অনুসরণ করছে।
তিনি আরো বলেন, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে বিভিন্ন দেশে নির্বাচিত সরকারকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। অস্ত্র ব্যবসা বাড়াতে আন্তর্জাতিক অস্থিরতা তৈরি করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
ইতিহাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, করডোভা নগরীতে মুসলমানদের প্রায় ৮০০ বছরের শাসনামলে জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতার উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছিল। সে সময় মুসলিম বিশ্বে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিতে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছিল, যা পরবর্তীতে ইউরোপীয় রেনেসাঁয় ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন। আধুনিক বিশ্বে আমেরিকা সারা বিশ্বে শাসন করতে গিয়ে একশত বছরের মধ্যে তারা হাঁপিয়ে উঠছে। এখন আমেরিকা আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছে। তাদের জিডিপি বৃদ্ধির হার কমে যাচ্ছে। এটা ধরে রাখা এখন তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা অস্ত্র আমদানি রপ্তানি বাড়ানোর জন্য সে সারা বিশ্বে ফেতনা ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। অথচ তার অর্থনৈতিক উত্থান হয়েছে ১৯৪৫ সালে। মুদ্রা ব্যবস্থা ধ্বংস হতে একশত বছর লাগছে না, শিগগিরই এটি ধ্বংস হয়ে যাবে।
আলোচনা সভায় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল, প্রচার সম্পাদক মেহেদী সজীবসহ বিভিন্ন হল ও অনুষদের নেতাকর্মীরা।



