মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, আমি মন্ত্রী হয়েছি কি না এটি বড় বিষয় নয়, উন্নয়নই মূল লক্ষ্য। উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। কাজ আদায়ে কোনো সমস্যা হবে না।
শপথ গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মী ও সর্বন্তরের জনতার সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের দশদিন পর মৌলভীবাজারে আসছি। তখন বুঝতে পারিনি সংসদ অধিবেশন কবে বসবে। এখন অধিবেশন শুরুর আগে যতদিন পারি নির্বাচনী এলাকায় থাকার চেষ্টা করব। নির্বাচন শেষ হয়ে গেছে মানেই কাজ শেষ নয়।
তিনি আরো বলেন, আপনারা যেভাবে কষ্ট করে আমাকে বিজয়ী করেছেন, আমি চেষ্টা করব সবার সঙ্গে সাক্ষাৎ করতে। ইউনিয়ন ও থানা পর্যায়ে ঘুরে ঘুরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে। এখন থেকে আমার ইউনিয়ন, থানা ও পৌরসভা ঘোরার সময় শুরু।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সিনিয়র সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোশাররফ হোসেন বাদশা, আশিক মোশাররফ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, মতিন বকস, মাহমুদুর রহমান, সেলিম সালাউদ্দিন, শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, ছাত্রনেতা জনি আহমেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



