যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় লিহান হাসান (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী ঝাউতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত লিহান চৌগাছা সরকারি কলেজের শিক্ষার্থী ও উপজেলার ফুলসারা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন উপজেলার ফুলসারা গ্রামের নাদিবুজ্জামানের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও বলিদাপাড়া গ্রামের মজেহার বিশ্বাসের ছেলে আব্দুর রহমান (৫০) ও তার স্ত্রী ছালামা বেগম (৪৫)।
জানা যায়, মোটরসাইকেল চালক কলেজ শিক্ষার্থী লিহান ও তার বন্ধু শাহাদাত ফুলসারা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে চৌগাছা বাজারের দিকে আসছিলেন। তারা পথিমধ্যে সিংহঝুলী ঝাউতলা মোড় নামক স্থানে পৌঁছালে পার্শ্ব রাস্তা থেকে আব্দুর রহমান তার স্ত্রী ছালমা বেগমকে নিয়ে আসা একটি ব্যাটারি চালিত স্কুটি ব্রেক করলে জাগায় পড়ে যান। মোরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত স্কুটির সাথে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে থাকা দুই জনই ছিটকে রাস্তার পড়ে যান। এ সময় চারজনই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক লিহানকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা সরকারি মডেল হাসপতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া রহমান ইলমা জানান, ছেলেটির মাথায় হেলমেট না থাকায় গুরুতর আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



