ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে রাজিব ইসলাম (২৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা।
শনিবার (১৮ জুলাই) রাত ১১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার বাসিন্দা এবাদুল ইসলামের ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে কয়েকজন ব্যক্তি শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যাওয়ার কথা বলে রাজিবের ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। পথের মধ্যে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন নির্জন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পরে তারা অটোরিকশা ছিনিয়ে নিয়ে লাশটি সড়কের পাশের ঝোপে ফেলে পালিয়ে যান।
এ সময় পেছনে থাকা অপর একটি অটোরিকশাচালক ও যাত্রীরা ঘটনাটি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যান। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশেই রাজিবকে হত্যা করা হয়েছে। ছিনিয়ে নেয়া অটোরিকশাটি উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’



