উখিয়ায় পাহাড়ধসে ৫ মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু, জীবিত উদ্ধার ১০

টানা ভারী বর্ষণের কারণে লার্নিং সেন্টারের লাগোয়া পাহাড়ের মাটি দুর্বল হয়ে এই ধসের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Location :

Ukhia
ঘটনাস্থল
ঘটনাস্থল |নয়া দিগন্ত

কক্সবাজার অফিস ও উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি লার্নিং সেন্টারের (মেয়েদের হেফজ মাদরাসা) উপর পাহাড়ধসে পাঁচ রোহিঙ্গা মাদরাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও এপিবিএন পুলিশের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে কুতুপালং পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান জানান, দুপুরে কুতুপালং পাঁচ নম্বর ক্যাম্পে ক্লাস চলাকালীন পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি লার্নিং সেন্টারের উপর পাহাড়ধসের ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্যাম্পের স্বেচ্ছাসেবকরা দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতার গতি বাড়ায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপের ভেতর থেকে এ পর্যন্ত পাঁচ শিক্ষার্থীর লাশ ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১০ জনেরও বেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীদের জীবিত অথবা মৃত উদ্ধার করতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট অত্যন্ত সতর্কতার সাথে উদ্ধার অভিযান পরিচালনা করছে। মাটির স্তূপ সরানোর কাজ চলছে।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

টানা ভারী বর্ষণের কারণে লার্নিং সেন্টারের লাগোয়া পাহাড়ের মাটি দুর্বল হয়ে এই ধসের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, পাহাড়ধসে গত ৬ জুলাই উখিয়ার ৭, ১১ ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছেন।