যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক ধর্ষক বৃদ্ধের বিরুদ্ধে। ১০ টাকা করে দেয়ার লোভ দেখিয়ে চারদিন ধরে ওই শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নির্যাতিতা ওই শিশুর মা শার্শা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে, শার্শা উপজেলা বাগআঁচড়া উজ্জলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ধর্ষক সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
শিশুটির মা জানান, সিরাজুলের বাড়ির পাশে তাদের বাড়ি। তার স্বামী পেশায় ভ্যানচালক এবং তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। কাজের জন্য তারা দু’জনই সকালে বাড়ি থেকে বের হয়ে যান।
অভিযোগে বাদী বলেন, সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ যাবৎ আত্মীয়ের বাড়িতে রয়েছেন। এ সুযোগে চারদিন ধরে ভুক্তভোগী শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ১০ টাকা করে দিয়ে ধর্ষণ করে আসছেন সিরাজুল। শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করার সময় বিষয়টি ভুক্তভোগীর ছোট বোন দেখে ফেলে। বিষয়টি মাকে জানালে ভুক্তভোগীকে এ নিয়ে প্রশ্ন করেন তিনি (ভুক্তভোগীর মা)। পরে ভুক্তভোগী মাকে জানান, সিরাজুল ১০ টাকা করে দিয়ে তিন থেকে চার দিন যাবৎ তাকে ধর্ষণ করেছে। ভুক্তভোগীর মা-বাবা বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানায়। তবে তারা এর কোনো সুরাহা করতে পারেনি। পরে বাধ্য হয়ে মঙ্গলবার (২০ মে) বিকেলে সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ করেন তারা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি ভুক্তভোগী পরিবারের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্তে একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।



