কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ এইচএসসি নারী পরীক্ষার্থী আহত

ঝালকাঠির কাঁঠালিয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে আসার পথে সড়ক দুর্ঘটনায় তিন নারী পরীক্ষার্থী আহত হয়েছে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ
আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে আসার পথে সড়ক দুর্ঘটনায় তিন নারী পরীক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে পরীক্ষা কেন্দ্রে আসার সময় উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে যথাসময়ে কেন্দ্রে গিয়ে আহত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

আহতরা হলেন— লামিয়া আক্তার (১৭), মিমি আক্তার (১৮) ও আফসানা আক্তার (১৮)। এরা তিনজনই এবারে উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম।

আহত লামিয়া আক্তার জানায়, সকালে উপজেলার ছোনাউটা এলাকা থেকে অটোগাড়িযোগে কাঁঠালিয়া সদরের সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিল। পথে বটতলা বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ওই তিন পরীক্ষার্থীসহ কমপক্ষে ৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে পরীক্ষার্থীরা কেন্দ্রে গিয়ে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম বলেন, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া ও ভান্ডারিয়া এবং বরগুনা জেলার বামনাসহ দক্ষিণাঞ্চলের অনেক উপজেলার শিক্ষার্থীরা পড়াশোনা করে। এ কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র কাঁঠালিয়া সদরের সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজে এবং কাঁঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ কেন্দ্রে।

২০-৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমুয়ার পরীক্ষার্থীদের কাঁঠালিয়া সদরে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। বৈরী আবহাওয়া, তাছাড়া আমুয়া থেকে কাঁঠালিয়া সদর পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই করুণ। এ পথে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

আমুয়া কলেজ কেন্দ্রে আমুয়ার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারলে ভোগান্তি কম হতো বলে জানান পরীক্ষার্থীরা।