দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর দশমিনায় জাল নোট ও নগদ টাকাসহ সাত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মো: হাবিবুর রাখা (৫৫) পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত মোতালেব মিয়ার ছেলে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে দশমিনা সদর মাছ বাজার সংলগ্ন মৃধা ইলেকট্রনিক্সের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দশমিনা থানা পুলিশ।
গ্রেফতারের সময় তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের নয়টি জাল নোট ও নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, হাবিবুর রাখার বিরুদ্ধে এর আগে জাল নোট-সংক্রান্ত সাতটি মামলা রয়েছে। সর্বশেষ উদ্ধার হওয়া জাল নোটের ঘটনায়ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



