নাটোরে ভটভটির সাথে বাসের সংঘর্ষে নিহত ৩

ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসের সাথে নাটোরের বড়াইগ্রাম থেকে চান্দাইকোনা গরুর হাটগামী ভটভটির সংঘর্ষ হয়।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Natore
দুর্ঘটনাস্থলে জড়ো হয়েছেন স্থানীয়রা
দুর্ঘটনাস্থলে জড়ো হয়েছেন স্থানীয়রা |সংগৃহীত

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গরুবাহী ভটভটি ও বাসের সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত তিনজন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুর রহমান, আক্কাছ আলী এবং তার বড় ভাই জাহাঙ্গীর আলম। তাদের বাড়ি বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকায়।

পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসের সাথে নাটোরের বড়াইগ্রাম থেকে চান্দাইকোনা গরুর হাটগামী ভটভটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ভটভটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়।

আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সূত্র : ইউএনবি