সরাইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

প্রতিদিন সকালে বাবা বাড়িতে গিয়ে গরুর খাবার দিলেও আজ সকালে বাড়িতে যাননি। ফলে সকালে আমি এসে গেইট বন্ধ দেখে ওয়াল টপকিয়ে বাড়িতে প্রবেশ করে বাবাকে রক্তাক্ত হয়ে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করি।

এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Sarail
নিহত নুর আহমদ. (ডানে) নিহতের বাড়িতে এলাকাবাসীর ভিড়
নিহত নুর আহমদ. (ডানে) নিহতের বাড়িতে এলাকাবাসীর ভিড় |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নুর আহমদ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ মার্চ) গভীর রাতে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকার শিল্পপতি মরহুম আশরাফ উদ্দিন প্রকাশ ধন মিয়া সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নুর আহমেদ একই এলাকার আকবর আলী মিয়ার ছেলে। বাড়ির মালিক মরহুম আশরাফ উদ্দিন ধন মিয়ার পরিবার বিদেশে থাকায় গত ৩০ বছর ধরে বাড়িটির পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন নুর আহমদ।

নিহতের ছেলে সুমন মিয়া জানান, প্রতিদিন সকালে বাবা বাড়িতে গিয়ে গরুর খাবার দিলেও আজ সকালে বাড়িতে যাননি। ফলে সকালে আমি এসে গেইট বন্ধ দেখে ওয়াল টপকিয়ে বাড়িতে প্রবেশ করে বাবাকে রক্তাক্ত হয়ে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করি। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে বাবাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আমার বাবা মারা যান।

সুমন মিয়া আরো বলেন, এলাকায় আমার বাবার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। সম্ভবত ডাকাতদল ডাকাতি করার উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। এ সময় আমার বাবা ডাকাতদের চিনে ফেলায় ডাকাতরা আমার বাবাকে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার পর নিহতের স্ত্রী জাহানারা বেগম ও সন্তানরা শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।

এ ব্যপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।