নাটোরের নলডাঙ্গায় পুকুর থেকে মো: মিলন (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের ব্রহ্মপুর হাজীপাড়া গ্রামে কালামের পুকুরে লাশটি ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত মিলন ব্রহ্মপুর হাজীপাড়া গ্রামের মো: বাবলুর ছেলে।
জানা গেছে, মিলন দীর্ঘদিন ধরে মদ সেবন করতেন এবং প্রায় বাড়ি থেকে নিখোঁজ থাকতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ মে বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে আসেননি মিলন। তার স্ত্রী মোছা: শাবানা খাতুন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি। পরে ২৮ মে সকালে বাড়ির পাশে কালামের পুকুর পাড়ে মিলনের জামা ও জুতা পড়ে থাকতে দেখে সেগুলো বাড়িতে নিয়ে আসেন। আজ সকাল ৯টার দিকে উক্ত পুকুরে ভাসমান লাশ দেখতে পান শাবানা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরে আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে নিজ হেফাজতে নিয়েছি। তদন্ত চলমান রয়েছে।’



