কুষ্টিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শোয়াইব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
শোয়াইব সদর থানার জিয়ারখি গ্রামের হাফিজের ছেলে।
শিশুটির মা বলেন, ‘কয়েকদিন আগে শোয়াইব আমার বাপের বাড়ি কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামে বেড়াতে যায়। দুইদিন পর আমি তাকে আনতে গেলে সে আরো কয়েক দিন থাকার বায়না ধরে। পরে তাকে সেখানে রেখে আসি। আজ বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে বসেছিল। এমন সময় অন্য এক শিশু পুকুরে গোসল করতে নামলে সে সেখানে নামার চেষ্টাকালে পড়ে গেলে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা মিঠুন চক্রবর্তি জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।



