সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত, বিজিবির অস্বীকার

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বসন্তপুর সীমান্তসংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Location :

Satkhira

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ ধরনের কোনো ঘটনার কথা অস্বীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বসন্তপুর সীমান্তসংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহিন (২৮)।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মহিউদ্দিন ও শাহিন প্রায় এক বছর আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের তামিলনাড়ুতে শ্রমিক হিসেবে কাজ করতে যান। দেশে ফেরার পথে ভোররাতে বসন্তপুর সীমান্তের বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী অতিক্রম করার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভোর পৌনে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজায়েত হোসেন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় রেফার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় তারা গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তবে শ্যামনগরের নীলডুমুরে অবস্থিত বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার রাজিব সীমান্তে গুলির ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে এমন কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। গত রাতে তিনি নিজেও ওই সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করেছেন বলে জানান।