ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা গলাচিপা) আসনে বিএনপির সমর্থিত ট্রাক প্রতিকের প্রার্থী নুরুল হক নূর বলেছেন, ‘আপনারা আগামী ১২ তারিখ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন।’
দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
ভিপি নূর আরো বলেন, জনাব তারেক রহমান আমাকে বলেছিলেন আপনি ট্রাক নিয়ে বিজয়ী হতে পারবেন? আমি তাকে বলেছিলাম লিডার আপনি যদি ওখানে (পটুয়াখালী-৩) অন্য কাউকে ধানের শীষ প্রতীক না দেন তাহলে আপনার ইশারাতেই ওই জনপদের মানুষ দলমত নির্বিশেষে তারা তাদের সন্তানকে ভোট দিয়ে এমপি বানাবেন তখন তারেক রহমান মুচকি হাসি দিয়েছিলেন।
ভিপি নূর বলেন, সেদিন যে আত্মবিশ্বাস নিয়ে তাকে বলেছিলাম আপনারা তার মর্যাদা রাখবেন। সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং বিজয়ের মিষ্টি খেতে খেতে বাড়ি ফিরবেন।
দশমিনা উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লার সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবুল বশারের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা মন্ত্রী আব্দুল বাতেন তালুকদারের ছেলে আফজালুর বাতেন, দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান, দশমিনা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন প্রমূখ।



