মাধবদীতে সড়কের পাশের ময়লার স্তুপ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশে আঘাতের চিহ্ন রয়েছে।

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
মৃত দিগন্তের লাশ
মৃত দিগন্তের লাশ |নয়া দিগন্ত

নরসিংদীর মধাবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তুপ থেকে দিগন্ত (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদী খরমদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত দিগন্ত শেখের চর এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে মাধবদী বিরামপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

দিগন্ত পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানায় পরিবারের সদস্যরা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার বিকেলে মোবাইলে কারো সাথে কথা বলে বাসা থেকে বের হন দিগন্ত, পরে আর বাড়ি ফেরেননি। রাতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে নরসিংদী-মদনপুর সড়কের পাশে খরমদী এলাকায় ময়লার স্তুপের পাশে লাশ পড়ে আছে শুনে সেখানে গিয়ে দিগন্তকে সনাক্ত করেন স্বজনরা।

পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লাশে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আমাদের সাথে কাজ করতেন। পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

Topics