জুড়ী সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইন, পরে পুশব্যাক

মৌলভীবাজার প্রতিনিধি

Location :

Maulvibazar
পুশইনকৃতরা
পুশইনকৃতরা |নয়া দিগন্ত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তার মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং একজন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে তাদেরকে বাংলাদেশের অভ্যান্তরে অবৈধভাবে প্রবেশ করায় বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুশইনের ঘটনাটি স্বীকার করছে। তবে তাদের সবাইকে পুশব্যাক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দফতর সূত্র।

বিএসএফের পুশইন করা ১০ জন হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার রিহাদুল মোল্লা (৫৫) বাবা শফি উদ্দিন, ফরিদা বেগম (৪০) বাবা আতাউর রহমান, লাবিবা আক্তার (৮) বাবা রিহাদুল মোল্লা, সুবা আক্তার (৩২) বাবা রউফ শেখ, দিলারা বেগম (৩৮) বাবা রউফ শেখ, রিতা বেগম (৪০) বাবা আকবর মোল্লা, রিয়া বেগম (২৫) বাবা বিরাগ শেখ, সাব্বির শেখ (১৯) বাবা আলাউদ্দিন, লাইলি খাতুন (২৮) বাবা শহিদুল ইসলাম এবং সাতক্ষীরা জেলায় সালমা খাতুন (২৭) বাবা মনিরুল ইসলাম।

বৃহস্পতিবার রাতে দু’টি সিএনজিচলিত অটোরিকশাতে করে পুশইন করানো লোকজনকে বিজিবি প্রহরায় ফুলতলা সীমান্তের দিকে নেয়া হয়।

আটকরা জানায়, তাদের বাড়ি খুলনা বিভাগের নড়াইল ও সাতক্ষীরা জেলায়। তারা বিভিন্ন সময় যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। পরে সেখান থেকে তারা ভারতের গুজরাটসহ বিভিন্ন জায়গায় ছিল। সেখানে পুলিশের হাতে আটক হলে তাদেরকে বিএসএফের হাতে হস্তান্তর করা হয়। বিএসএফ তাদেরকে বাংলাদেশের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করায়।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান খান জানান, বিজিবি সীমান্তে পুশইনের ব্যাপারে জিরো টলারেন্স। সীমান্তে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সদা তৎপর বিজিবি।

তবে জুড়ীর পুশইনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি তিনি।

বিজিবি সদর দফতর সূত্র জানিয়েছে, ১০ জনের সবাইকেই ভারতে পুশব্যাক করা হয়েছে।