সুনামগঞ্জের তাহিরপুরের বৌলাই নদীর পানিতে ডুবে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে। হাউজবোটে করে বৌলাই নদী দিয়ে যাদুকাটা নদীতে যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহাতাবুর টু দক্ষিণকুল খেয়াঘাট সংলগ্ন বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা: শাহনুর রহমানের মেয়ে।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালিত করে। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়া নুরকে উদ্ধার করা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, নিখোঁজ রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক সাইফান এ লাক্সারি ওয়াটার ভিলা হাউজবোটে করে মধ্যনগর থেকে টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজলেক (নীলাদ্রি লেক) ঘুরে যাদুকাটার উদ্দেশে রওনা হন। এ সময় দক্ষিণকুল খেয়াঘাট এলাকায় বৌলাই নদীতে হঠাৎ করে চলন্ত অবস্থায় হাউজবোট থেকে রুকাইয়া নুর নদীতে পড়ে যায়।
এর সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে বিকেল সাড়ে ৩টা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় এলাকাবাসী মিলে নিখোঁজ পর্যটক রুকাইয়াকে উদ্ধারে অভিযান পরিচালিত করে। তবে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি।



