সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে ডুবে যাওয়া রিফাতুল ইসলাম (১৬) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৪ মে) সকালে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।
রিফাত কুমিল্লা জেলার দাউদকান্দি গৌরিপুর এলাকার খাইরুল শেখের ছেলে। সে গৌরিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দাউদকান্দি গৌরিপুর থেকে পাঁচ স্কুল ছাত্র গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় চাজনকে উদ্ধার করলেও রিফাত নিখোঁজ হন। ফায়ার সার্ভিস টিম উদ্ধার তৎপরতা চালিয়েও সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার করতে পারেনি।
রোববার সকালে ডুবুরি টিম আবার উদ্ধার কাজ শুরু করে। তবে লাকি আহমেদ খান নামে স্থানীয় এক ব্যক্তি লাশটি খালের মুখে ওকটি গাছের সাথে আটকে থাকতে দেখে উদ্ধারকর্মীদের জানালে কুমিরা ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী লাশটি উদ্ধার করে নিয়ে আসেন।
নৌবাহিনীর কর্মকর্তা মো: আবদুল্লাহ বলেন, ‘সমুদ্রে নিখোঁজ পর্যটকের লাশটি খালের মুখ থেকে আমরা উদ্ধার করি। এসময় ডুবুরি দল, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং পুলিশ টিম উপস্থিত ছিলেন।’
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘শনিবার বিকেলে এক শিক্ষার্থী নিখোঁজের পর পর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। রাত হয়ে যাওয়ায় অভিযান সমাপ্তি করে রোববার সকালে আবার শুরু করলে সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।’



