যশোর-১ আসনে জামায়াত প্রার্থী বিজয়

যশোরের সীমান্তবর্তী এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আজীজুর রহমান (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বখতিয়ার রহমান, ও জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
জামায়াত প্রার্থী মাওলানা আজিজুর রহমান
জামায়াত প্রার্থী মাওলানা আজিজুর রহমান |নয়া দিগন্ত

যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আজিজুর রহমান এক লাখ ১৮ হাজার ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২ হাজার ৯০৯ ভোট।

প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যশোর-১ আসনে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৭টায় এবং শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। তবে সকাল থেকেই নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

যশোরের সীমান্তবর্তী এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আজীজুর রহমান (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বখতিয়ার রহমান, ও জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল।

এ আসনে ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০২টি। মোট ভোটার সংখ্যা তিন লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ভোটার রয়েছে এক লাখ ৫৫ হাজার ৮২৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে তিনজন।

এ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি সন্তোষজনক। তবে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ভোটগ্রহণ চলাকালীন সময়ে উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাত ৮টার পর বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসার পর শার্শা উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।