চট্টগ্রামে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি, বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইও আহত

‘প্রতিহত করতে গেলে আমাদের দুইজনকে গুরুতর আহত করেছে তারা, আমাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে রাইহান এবং মেহেদি হাসান নামের দুইজনকে।

বুধবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আমাদের সর্বস্ব লুট করে নিয়ে যায় ডাকাতেরা। প্রতিহত করতে গেলে আমাদের দুইজনকে গুরুতর আহত করেছে তারা, আমাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের নগদ টাকা, স্বর্ণ, মোবাইল ও অন্যান্য মালামালসহ প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী আলিফ আলভি বলেন, ঘটনাটি ঘটে রাত ২টার পর। তারা প্রায় ৯ জনের একটি দল ছিল, প্রায় সবার হাতেই ছিল ধারালো দেশীয় অস্ত্র। প্রথমে কাশেম নামের একজনের বাড়িতে প্রবেশ করে মাথায় অস্ত্র ধরে সব লুটপাট করে ডাকাত দলটি। এরপর তাদের বেঁধে রেখে আরেকটা বাড়িতে যায় তারা। ওই বাড়িতে ঢুকেই রাইহানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়, সেটা দেখে ছোট ভাই তার রুমের দরজা খুলে তাকে বাঁচাতে আসলে তাকেও ২-৩ জন মিলে কোপানো শুরু করে। একপর্যায়ে তাদের ছেড়ে প্রত্যেকটা রুমে রুমে গিয়ে লুটপাট করে। পরে এলাকাবাসীর উপস্থিত টের পেয়ে পেছনের দিকে পালিয়ে যায় ডাকাতরা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে আমরা গিয়েছিলাম, সকল ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে।