পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে নগরের অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার বিতরণ করা হয়। বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান (শিরিন) কর্মীদের হাতে উপহারের অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে বিসিসির মোট এক হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বিলকিস আক্তার জাহান বলেন, ‘নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি করপোরেশনে যেন কোনো ধরনের অন্যায় ও দুর্নীতি স্থান না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’ পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় বরিশালকে একটি সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হবে।’
ঈদের আগে উপহার হিসেবে নগদ অর্থ পেয়ে সন্তোষ প্রকাশ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই উদ্যোগ তাদের জন্য বড় প্রাপ্তি। একইসাথে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।
অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসকসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



