উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার ফাইটার নিহত

নিহত ফায়ার ফাইটার প্রান্ত মণ্ডল বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার পুলিন মণ্ডলের ছেলে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Barishal
উজিরপুরে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
উজিরপুরে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল |সংগৃহীত

বরিশালের উজিরপুরে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ফায়ার ফাইটার (অগ্নিনির্বাপক কর্মী) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী স্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফায়ার ফাইটার প্রান্ত মণ্ডল বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার পুলিন মণ্ডলের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, বরিশালমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সাথে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ ফায়ার ফাইটার (অগ্নিনির্বাপক কর্মী) হিসেবে কর্মরত ছিলেন। তার নাম প্রান্ত মণ্ডল। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার পুলিন মণ্ডলের ছেলে। নিহতের মরদেহ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পলাতক পিকআপ ভ্যানটিকে শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।

এদিকে সহদেব নিহতের আত্মীয় পরিচয়দানকারী একব্যক্তি মোবাইল ফোনে জানান, প্রান্ত ঢাকা থেকে বরগুনার পাথরঘাটার নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ইচলাদী এলাকায় পৌঁছালে সড়ক দুর্ঘটনায় নিহত হন।