মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করা কলেজছাত্রী রিমি আক্তারের মৃত্যুর ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ধীপুর ইউনিয়নের ভ্রামনভিটা উচ্চ বিদ্যালয় সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা চলে।
নিহত রিমি আক্তার (১৭) বিক্রমপুর-টঙ্গিবাড়ী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং রাউতভোগ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
জানা যায়, ২০২৪ সালের ৫ জানুয়ারি রিমি আত্মহত্যা করে। পরে ঘটনায় নিহতের বাবা দেলোয়ার হোসেন মুন্সীগঞ্জ আদালতে মামলা করলে আদালত আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন। তবে ১৬ মাস পার হলেও মামলায় কেউ গ্রেফতার হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রেমের নামে প্রতারণা ও নৃশংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। দোষীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একইসাথে সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।
এ সময় ভুক্তভোগীর পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহিদুল ইসলাম মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে নারাজ হন। তিনি বলেন, ‘বক্তব্য নিলে আমার কাছে আসবেন।’



