দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিতাপুত্রকে বিএনপি থেকে বহিষ্কার

‘...খোকা মিয়াকে লক্ষ্য করে তার ছেলে রানা গুলি ছোড়েন। এ ঘটনায় রানার বাবা খোকা মিয়া (৫০) আহত হন।’

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
খোকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহম্মেদ রানা
খোকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহম্মেদ রানা |ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য খোকা মিয়া ও তার ছেলে যুবদলকর্মী তোফায়েল আহম্মেদ রানাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো: খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও যুবদলকর্মী তোফায়েল আহমেদ রানার বিরুদ্ধে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে আরো জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ জানান, এ বিষয়ে তিনি এখনো অবগত নন। জেনে বিস্তারিত জানাতে পারবেন।

উল্লেখ্য, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন কারণে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। তার পরিপ্রেক্ষিতে গত রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় খোকা মিয়াকে লক্ষ্য করে তার ছেলে রানা গুলি ছোড়েন। এ ঘটনায় রানার বাবা খোকা মিয়া (৫০) আহত হন। এ সময় খোকা মিয়ার সঙ্গী স্থানীয় ফয়জুদ্দিনের ছেলে খোকন (৪৫) নামে আরো একজন আহত হন। এ ছাড়াও রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) নামের আরো একজনও আহত হন বলে জানা যায়।